প্রশ্ন : ফরয গোসল না করে মোবাইলে কুরআন পড়া যাবে কি?
উত্তর : যে সকল অবস্থায় শরী‘আতের দৃষ্টিকোণ থেকে গোসল করা ওয়াজিব, তাকে জুনুবী অবস্থা বলে। যেমন : স্বপ্নদোষ, স্ত্রী মিলন, ঋতু, বাচ্চা প্রসব পরবর্তী অবস্থা ইত্যাদি। জুনুবী অবস্থায় মানুষ শারীরিকভাবে নাপাক বা অপবিত্র হয়ে যায় না। বরং শারঈ বিধান মতে তার উপর গোসল ফরয হয়। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, মদীনার কোনো এক রাস্তায় আমার সাথে রাসূল (ছাঃ) সাক্ষাৎ করলেন, তখন আমি জুনুবী অবস্থায় ছিলাম। তিনি আমার হাত ধরলেন। আমি তার সাথে চলতে লাগলাম। এক জায়গায় তিনি বসে পড়লেন। তখন আমি সন্তর্পনে সরে পড়লাম। বাড়ী এসে গোসল করে তার কাছে আসলাম। তখন পর্যন্ত তিনি বসেই ছিলেন। তিনি বললেন, আবু র্হির (আবু হুরায়রা (রাঃ) এর উপাধি) তুমি কোথায় ছিলে? আমি তাকে ঘটনা বললাম। তখন তিনি বললেন, ‘সুবহানাল্লাহ! হে আবু র্হির! মুমিন কখনো অপবিত্র হয় না’ (বুখারী, হা/২৮৫; মিশকাত, হা/৪৫১)। অন্য বর্ণনায় আছে, আমি বললাম, আমি অপবিত্র অবস্থায় ছিলাম তাই আপনার সাথে বসতে অপসন্দ করেছিলাম। তখন তিনি বললেন, সুবহানাল্লাহ! মুমিন কখনো অপবিত্র হয় না (বুখারী, হা/২৮৩; মুসলিম, হা/৩৭১; মিশকাত, হা/৪৫১)। তাই এ সকল অবস্থায় প্রয়োজনে স্পর্শ না করে কুরআন তেলাওয়াত করতে পারে। চাই তা মোবাইল, ট্যাব, কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থেকে হোক না কেন। তবে সময়-সুযোগ থাকলে গোসল করে পড়াই উত্তম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন