প্রশ্ন : কোন মুসলিম মহিলা হিন্দু বা কোন বিধর্মীকে বিবাহ করতে পারে কি?
উত্তর : কোন মুসলিম মহিলা হিন্দু কিংবা কোন বিধর্মীকে বিবাহ করতে পারে না। তার জন্য বিয়ে করা হারাম। আল্লাহ তা‘আলা বলেন, ‘ব্যভিচারী, ব্যভিচারিণী অথবা মুশরিকা নারীকে ব্যতীত বিয়ে করে না এবং ব্যভিচারিণীকে ব্যভিচারী অথবা মুশরিক পুরুষ ব্যতীত কেউ বিয়ে করে না, মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে’ (নূর, ৩)। আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন, ‘মুহাজির মহিলাদের সম্পর্কে যাচাই পরীক্ষার পর তোমরা যদি জানতে পার যে, তারা মুমিন তবে তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠিও না। মুমিন নারীগণ কাফেরদের জন্য বৈধ নহে এবং কাফিরগণ মুমিন নারীদের জন্য বৈধ নহে’ (মুমতাহিনা, ১০)। তিনি আরোও বলেন, ‘ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সাথে তোমরা বিবাহ দিও না। মুশরিক পুরষ তোমাদেরকে মুগ্ধ করলেও মুমিন ক্রীতদাস তার চেয়ে উত্তম। তারা জাহান্নামের দিকে আহবান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন’ (বাক্বারা, ২২১)। অত্র আয়াত প্রমাণ করে যে, অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ে নিজ ইচ্ছায় বিবাহ করতে পারে না। করলেও তা বাতিল বলে গণ্য হবে। আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, ‘ওয়ালী ব্যতীত কোন বিবাহ নেই’ (মুসনাদে আহমাদ, হা/১৯৭৬১; তিরমিযী, হা/১১০১; আবুদাঊদ, হা/২০৮৬; ইবনু মাজাহ, হা/১৮৮১; দারেমী, হা/২১৮৩; মিশকাত, হা/৩১৩০)। আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘অভিভাবকের অনুমতি ছাড়াই যে মহিলা বিয়ে করবে, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল’। ইমাম তিরমিযী (রহঃ) বলেন, ওয়ালী ছাড়া বিয়ে হবে না একথার উপর ছাহাবীগণের আমল রয়েছে (মুসনাদে আহমাদ, হা/২৪২৫১; তিরমিযী, হা/১১০২; আবুদাঊদ, হা/২০৮৩; ইবনু মাজাহ, হা/১৮৭৯; দারেমী, হা/২১৮৪; মিশকাত, হা/৩১৩২)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন